রাজপরিবারের সঙ্গে তিক্ত সম্পর্কের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। ছয় বছর পর আবার যুক্তরাজ্যে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে তাঁরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের যে অভিজাত এলাকায় এত দিন বসবাস করেছেন, সেখানে তাঁদের বিদায়ের খবর নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা মন্টেসিটোয় থাকেন হ্যারি ও মেগান। রোদঝলমলে এই শহরে বিশ্বখ্যাত তারকা ও ধনকুবেরদের বসবাস। সেখানে হ্যারি–মেগানের যুক্তরাজ্যে ফেরার খবর খুব একটা সাড়া ফেলেনি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোয় হ্যারি–মেগানের ফেরার খবর ফলাও করে প্রকাশ করা হচ্ছে। অথচ মন্টেসিটোর স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিষয়টি নিয়ে ছিলেন নির্বিকার।

ওই এলাকার বাসিন্দা লেখক ও সাংবাদিক অ্যান লুইস বারডাখ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ঘেঁটে দেখেছেন। সেখানে ব্যাংক ডাকাত খোঁজার খবর থেকে শুরু করে কাছের একটি চিড়িয়াখানায় ক্যাপিবারা নামের একটি প্রাণীকে মেরে ফেলার খবর—সবই ছিল। কিন্তু হ্যারি–মেগানের চলে যাওয়ার খবর ছিল না।

বারডাখ বলেন, ‘আমি বলছি না যে খবরটি বড় নয়। তবে এখানকার বাসিন্দাদের কথাও একবার ভাবুন—অপরাহ উইনফ্রের মতো তারকারা এখানে থাকেন।’

ছয় বছর ধরে মন্টেসিটোয়

হ্যারি ও মেগান ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর–পশ্চিমে মন্টেসিটোয় বসবাস শুরু করেন।

মন্টেসিটোয় ৯ হাজারের কম মানুষ বাস করেন। এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য ও বিলাসবহুল বাড়ির জন্য পরিচিত। এখানে বিনোদনজগতের তারকা ও ধনাঢ্য ব্যক্তিদের অনেকেরই বাড়ি রয়েছে।

এলাকাটির বাসিন্দাদের কেউ কেউ মনে করেন, মন্টেসিটোয় এত এত তারকাখ্যাত মানুষের ভিড়ে হ্যারি–মেগান হয়তো কিছুটা আড়ালে থাকার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এখন সন্তান আর্চি ও লিলিবেটকে সেপ্টেম্বরে যুক্তরাজ্যের স্কুলে ভর্তি করানোর জন্য তাঁরা সেখান থেকে চলে যাচ্ছেন।

মন্টেসিটো ও কাছের সান্তা বারবারার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে নিউইয়র্ক টাইমস। হ্যারি–মেগানের চলে যাওয়ার খবরে তাঁদের বেশির ভাগের প্রতিক্রিয়া ছিল অনেকটাই স্বাভাবিক, যেন পাশের বাড়ির কোনো বাসিন্দা বাসা বদলাচ্ছেন।

মন্টেসিটোর বাসিন্দা ও ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২১ বছর বয়সী রায়ান সুজা বলেন, ‘তাঁরা যেখানে থাকতে চান, থাকুন। এটা তাঁদের ব্যাপার।’

৭৬ বছর বয়সী বুজ বনসাল হাইস্কুলে পড়ার সময় থেকে মন্টেসিটোয় বসবাস করছেন। হ্যারি–মেগান সম্পর্কে তিনি জানেন এবং দূর থেকে তাঁদের দেখেছেন। তাঁদের চলে যাওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ছিল এক শব্দে, ‘কিছুই না।’ তিনি বলেন, ‘তাঁরা যেখানে যেতে চান, যেতে পারেন।’

প্রতিবেশীরা আসলে তাঁদের কতটা চিনতেন

মন্টেসিটোর রিভেন রক এলাকায় হ্যারি–মেগানের বাড়ির কাছেই থাকেন ৭২ বছর বয়সী জিনা পেনিনো। হাঁটতে বের হলে তিনি প্রায়ই হ্যারি–মেগান ও তাঁদের সন্তানদের দেখতেন। কিন্তু তাঁরা যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন, এ কথা তিনি জানতেন না।

জিনা পেনিনো বলেন, ‘আসলে তাঁদের সঙ্গে আমাদের তেমন পরিচয় নেই। দেখা হলে তাঁরা হাত নাড়েন, গাড়ি নিয়ে চলে যান, তারপর বাড়ির দরজা বন্ধ করে দেন।’

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছয় বছর ধরে হ্যারি–মেগানের জীবনটা অনেকটা এমনই ছিল—বিশ্বজুড়ে তাঁদের পরিচিতি থাকলেও স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল খুবই কম।

হ্যারি–মেগানের কয়েক কোটি ডলারের বাড়িটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা। রয়েছে কড়া নিরাপত্তাবেষ্টিত ফটক। আশপাশে থাকেন জেফ ব্রিজেস, রব লো, গিনেথ প্যালট্রো, অরল্যান্ডো ব্লুম, ক্যাটি পেরি, অপরাহ উইনফ্রেসহ আরও অনেক হলিউড তারকা।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘হ্যারি অ্যান্ড মেগান’ তথ্যচিত্রের কিছু অংশও কাছের একটি বাড়িতে ধারণ করা হয়েছিল। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, তথ্যচিত্রটি ২ কোটি ৮০ লাখের বেশি পরিবার দেখেছিল।

তবে স্থানীয় বাসিন্দাদের কাছে হ্যারি–মেগান তাঁদের সামাজিক কর্মকাণ্ডের চেয়ে বেশি পরিচিত ছিলেন নিরাপত্তাব্যবস্থার কারণে।

প্রতিবেশীরা এই দম্পতির সঙ্গে খুব একটা কথা না বললেও তাঁদের নিরাপত্তাকর্মী, কুকুর হাঁটাতে নিয়ে যাওয়া ব্যক্তি, সন্তানদের দেখাশোনার কর্মী ও সহকারীদের অনেকেই চিনতেন।

কখনো এই দম্পতির বাড়ির ফটক খোলার সময় ভুল করে প্রতিবেশীর কুকুর ভেতরে ঢুকে পড়েছে। আবার কখনো সন্তানদের জন্মদিনের নিমন্ত্রণ দিতে গিয়ে বন্ধুরা ভুল করে নিরাপত্তাব্যবস্থার অ্যালার্ম বাজিয়ে দিয়েছেন।